সুইস প্রতিষ্ঠানগুলোকে দেশের আইসিটিখাতে বিনিয়োগের আহ্বান আইসিটি বিভাগের
দেশের আইসিটিখাতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
২০ সেপ্টেম্বর, সুইজারল্যান্ডের জুরিকে আয়োজিত 'ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস অব রাইজ অব বেঙল টাইগার' রোড শোতে অংশ নিয়ে এ আহ্বান জানান আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে সরকারি সব কার্যক্রম শতভাগ ডিজিটালি, শতভাগ জনগণ ইন্টারনেটের সঙ্গে যুক্ত, আই এবং আইটিইএস খাতে ৫ মিলিয়ন কর্মসংস্থান এবং আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন রেভিনিউয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উল্লেখ করে আইসিটি সচিব দেশের আইসিটিখাতে এ বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি আয়োজিত রোড শোতে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, বাণিজ্য, বাংলাদেশি পণ্য ও সেবা, পুঁজিবাজার ও বন্ড মার্কেটকে তুলে ধরা হয়।
দেশের তথ্যপ্রযুক্তিখাতসহ অন্যান্য খাতের উন্নয়নের চিত্র তুলে ধরে অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত-উল-ইসলাম জানান, বাংলাদেশ গুণগত এবং মান সম্পন্ন পণ্য রপ্তানি করে প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে রপ্তানির পরিমান।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এবং বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দীন আহমেদ তাদের বক্তব্যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিভিন্ন ধাপগুলো তুলে ধরেন।
রোড শোতে অংশ নিয়ে বক্তারা দেশে বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার প্রমূখ।